হুমকির মধ্যেই সালমান ও গৌরীকে নিয়ে শাহরুখ ভোট দিতে আসেন !


                        সালমান খান                                      বলিউড বাদশার সঙ্গে ভোট দেন স্ত্রী গৌরী খান।

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে মুম্বাইয়ে বলিউড তারকাদের অনেকেই ভোট দিতে এসেছিলেন। তাদের দেখতে উৎসাহী জনতার ভিড় ছিল লক্ষণীয়। গতকাল বুধবার মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের দিকে নজর ছিল সারাদেশের। মুম্বাইয়ে সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও ভোট দেন তাদের পছন্দের প্রার্থীকে এবং সবাইকে ভোট দেওয়ার জন্য আবেদন জানান।

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে এবারও মুম্বাইয়ে তারকাদের মধ্যে সবার আগে নিজের ভোটকেন্দ্রে পৌঁছে যান অভিনেতা অক্ষয় কুমার। সাদা শার্ট ও চেক ট্রাউজারে দেখা যায় তাকে। পরে তিনি সংবাদমাধ্যমকে বলেন, সুব্যবস্থা ছিল। বিশেষ করে, বর্ষীয়ান নাগরিকদের জন্য আলাদা বন্দোবস্ত করা হয়েছিল। অক্ষয় ছাড়াও সকালের দিকে ভোট দেন অভিনেতা রাজকুমার রাও, পরিচালক জোয়া আখতার।

দুপুরে ভোট দিতে আসেন অভিনেতা রণবীর কাপুর। তার পরনে ছিল সাদা টিশার্ট ও নীল জিনস। ভোট দিয়ে বেরিয়ে রণবীর বলেন, সব কিছু ভুলে মানুষের আগে ভোট দেওয়া উচিত। ভোট মানুষের অধিকার। 

বিকাল ৪টা ৪৫ মিনিটে বান্দ্রায় ভোট দিতে আসেন সালমান খান। সম্প্রতি একের পর এক হুমকির জেরে সালমান কখন ভোট দেবেন, তা নিয়ে শুরু থেকেই কৌতূহল ছিল। কড়া নিরাপত্তার মধ্যে ভাইজান ভোট দিতে আসেন। অবশ্য তার আগেই কেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন অভিনেতার বাবা সেলিম খান ও মা সালমা খান। তাদের সঙ্গে ছিলেন আরবাজ খান ও সোহেল খান। বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুটা আগে সপরিবারে ভোট দিতে আসেন বলিবাদশাহ শাহরুখ খান। তার পরনে ছিল সাদা শার্ট ও জলপাইরঙা ট্রাউজার। মাথায় ছিল টুপি। বলিউড বাদশার সঙ্গে ভোট দেন স্ত্রী গৌরী খান। সঙ্গে ছিলেন পুত্র আরিয়ান ও কন্যা সুহানা খান। তাদের দেখতে উৎসাহী জনতার ভিড় ছিল লক্ষণীয়।