কে এই পাম বন্ডি? ট্রাম্পের নতুন প্রশাসনের অ্যাটর্নি জেনারেল!

ডোনাল্ড ট্রাম্প ও পাম বন্ডি


অবস্থান বদলেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ভবিষ্যৎ প্রশাসনে নিজের একান্ত অনুগত পাম বন্ডিকে  অ্যাটর্নি জেনারেল পদে মনোনয়ন দিয়েছেন। এর আগে ম্যাট গেটজ এ পদে ট্রাম্পের মনোনয়ন পেয়েছিলেন। তিনি মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সাবেক সদস্য।


ম্যাট গেটজ যৌন কেলেঙ্কারি ও নিষিদ্ধ মাদক ব্যবহারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। এরপর ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইনপ্রণেতাদের বিরোধিতার মুখে গেটজ নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেন। সেই জায়গায় অ্যাটর্নি জেনারেল পদে ট্রাম্পের মনোনয়ন পেয়েছেন ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি।


পাম বন্ডিকে মনোনয়ন দিয়ে গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘দীর্ঘদিন ধরে বিচার বিভাগকে আমার ও অন্যান্য রিপাবলিকানদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। এমনটা আর হবে না।’ পাম বন্ডি বিচার বিভাগকে অপরাধ দমনে ও যুক্তরাষ্ট্রকে আবার নিরাপদ করতে কাজ করবেন বলেও জানান ট্রাম্প।


                                               পাম বন্ডি

কে এই পাম বন্ডি?

পাম বন্ডির বয়স ৫৯ বছর। ইতিহাস গড়ে ফ্লোরিডার প্রথম নারী অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হয়েছিলেন ২০১০ সালে তিনি। ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত এ পদে ছিলেন পাম বন্ডি।

 পদে থাকাকালিন সময়ে পাম বন্ডি মানব পাচারসংক্রান্ত সমস্যার ওপর বেশি জোর দেন। জোর দেন পাচারকারীদের বিরুদ্ধে ফ্লোরিডা অঙ্গরাজ্যের আইন আরও জোরালো করার জন্য।

ফ্লোরিডার সাবেক ফেডারেল 'কৌঁসুলি ডেভিড' ওয়েইনস্টেইন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, কাগজে–কলমেও এ পদের জন্য পাম বন্ডি একজন যোগ্য ব্যক্তি। সর্বশেষ মনোনীত প্রার্থীর তুলনায় তাঁর জীবনবৃত্তান্ত বেশ সমৃদ্ধ। তিনি পুরো জীবন মামলা পরিচালনা করে কাটিয়েছেন।