পটুয়াখালীতে ব্যবসায়ীসহ দুজনকে অপহরণ। অতঃপর ২০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ২।
পটুয়াখালীতে এক ব্যবসায়ীসহ দুজনকে অপহরণ। এরপর ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অপহরণের শিকার দুজনকেও উদ্ধার করা হয়েছে শহরের বিসিক শিল্পনগরী এলাকা থেকে। সোমবার বেলা তিনটায় পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন পটুয়াখালী পৌর শহরের বড় চৌরাস্তা এলাকার বাসিন্দা মাহামুদুল হাসান (২৭) এবং টাউন জৈনকাঠি এলাকার মো. আলী আজিম (৩০)।
গতকাল রোববার বেলা আড়াইটার দিকে পটুয়াখালী জজ কোর্ট এলাকার একটি হোটেলের সামনে থেকে মাছ ব্যবসায়ী মো. আমিরুল ইসলাম (৪৩) ও তাঁর মামাতো ভাই স্থানীয় সার্ভেয়ার মো. কুদ্দুস ঢালীকে অপহরণ করেন এই দুজন। পরে তাঁদের স্বজনের কাছে মুঠোফোনে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিষয়টি পুলিশকে জানানো হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই দিন রাত সাড়ে ৯টার দিকে শহরের বিসিক শিল্পনগরী এলাকা থেকে অপহৃত দুই ব্যক্তি ও অপহরণে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি অটোরিকশা ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা অপহরণ করে মুক্তিপণ দাবি এবং মুক্তিপণ না পেলে খুন করার পরিকল্পনার কথা স্বীকার করেন।

0 Comments