প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠকে দেশের স্বার্থে সব দল ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে: আসিফ নজরুল।

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠকের পর রাজনৈতিক দলগুলোর নেতারা। বুধবার (৪ ডিসেম্বর ২০২৪) ফরেন সার্ভিস একাডেমিতে. 
ছবি: পিআইডি

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অস্তিত্ব ও মর্যাদার প্রশ্নে দলগুলো ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে বলে জানিয়েছেন, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেছেন, বুধবারের বৈঠকে উপস্থিত রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে রাজনৈতিক আদর্শের ভিন্নতা ছিল। তবে সবাই দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন।

জাতীয় ঐক্যের আহ্বান নিয়ে আজ বিকেলে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে দলগুলোর সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আসিফ নজরুল।

আসিফ নজরুল বৈঠক শেষে বলেন, বৈঠকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে ভারতের সঙ্গে বাংলাদেশের হওয়া চুক্তিগুলো প্রকাশ করা এবং রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ দেশের জন্য ক্ষতিকর চুক্তি বাতিলের দাবি জানানো হয়েছে। বাংলাদেশের প্রতি ভারতের যে অর্থনৈতিক নিপীড়ন, আধিপত্যবাদ ও অভ্যন্তরীণ হস্তক্ষেপের যে চেষ্টা, সেটির নিন্দা জানান উপস্থিত রাজনীতিবিদেরা। তাঁরা ভারতকে মর্যাদাশীল এবং সৎ প্রতিবেশীসুলভ আচরণ করার আহ্বান জানিয়েছেন।

তিনি আরও বলেন, আমাদের আর শক্তিহীন, দুর্বল ও নতজানু ভাবার কোনো অবকাশ নেই। যেকোনো ধরনের অপপ্রচার ও উসকানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সাহসী থাকব।’