ট্রাম্পকে কোন সুযোগ না দিয়েই পদত্যাগের ঘোষণা এফবিআই পরিচালকের।
ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) পরিচালক ক্রিস্টোফার রেকে বরখাস্ত করার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু ট্রাম্পকে সেই সুযোগ দেননি ক্রিস্টোফার রে। আগামী মাসে ট্রাম্প যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছেন।
গতকাল এফবিআইয়ের অভ্যন্তরীণ সভায় ক্রিস্টোফার রে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ক্রিস্টোফার রে বলেছেন, কয়েক সপ্তাহ ধরে চিন্তাভাবনার পর তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
ট্রাম্প এরই মধ্যে তাঁর পছন্দের প্রার্থী ক্যাশ প্যাটেলের নাম এফবিআই পরিচালক হিসেবে ঘোষণা করেছেন।
বর্তমান এফবিআই পরিচালকও ট্রাম্পের পছন্দের ছিলেন। ২০১৭ সালে ক্রিস্টোফার রেকে ১০ বছরের জন্য এফবিআইয়ের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিলেন ট্রাম্প। ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার পর ক্রিস্টোফার রের নেতৃত্বে এফবিআই তাঁর বিরুদ্ধেই তদন্ত পরিচালনা করেছিল।
বুধবার এফবিআইয়ের সভায় ক্রিস্টোফার রে বলেন, ‘জানুয়ারিতে বর্তমান প্রশাসনের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করা এবং তারপরই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি আমি। আমি নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরো বলেন, ‘আমরা যেভাবে কাজ করি, সেখানে মূল্যবোধ এবং নীতিনৈতিকতার প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ।
এক কর্মকর্তা এপিকে জানিয়েছেন, ক্রিস্টোফার রে তাঁর বক্তব্য শেষ করার পর সবাই দাঁড়িয়ে হাততালি দেন। ওই কর্মকর্তা আরও বলেন, সে সময় সভায় উপস্থিত কারও কারও চোখে পানিও দেখা গেছে।
ট্রাম্প ক্রিস্টোফার রের পূর্বসূরি জেমস কোমিকেও বরখাস্ত করেছিলেন। 'কোমি' ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্প শিবিরের সঙ্গে রাশিয়ার সম্পর্ক এবং নির্বাচনে রাশিয়ার সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে তদন্ত করতে গিয়ে ট্রাম্পের রোষানলে পড়েছিলেন।
.png)
0 Comments